এই মাঠেই খেলা হবে বলে ঝাড়গ্রামে রোড শো করলেন অনুব্রত
দি নিউজ লায়ন ; শনিবার ঝাড়গ্রাম বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী সাঁওতালি সিনেমার মহানায়িকা অভিনেত্রী বিরবাহা হাঁসদার সমর্থনে ঝাড়গ্রাম শহরে রোড শো করে প্রচার করলেন তৃণমূল কংগ্রেসের নেতা অনুব্রত মণ্ডল ওরফে কেষ্ট দা। শনিবার ঝাড়গ্রাম শহরের আর বি এম স্কুল প্রাঙ্গণ থেকে রোড শো শুরু হয় এবং ঝাড়গ্রাম শহরের জামদা এলাকায় রোড শো শেষ হয়।
হুট খোলা গাড়িতে ছিলেন তৃণমূল কংগ্রেসের নেতা অনুব্রত মণ্ডল, ঝাড়গ্রাম কেন্দ্রের তৃণমূলের প্রার্থী বিরবাহা হাঁসদা, গোপীবল্লভপুর কেন্দ্রের প্রার্থী ডাক্তার খগেন্দ্র নাথ মাহাতো , তৃণমূল কংগ্রেসের জেলা কো-অর্ডিনেটর উজ্জ্বল দত্ত ও অজিত মাহাতো, তৃণমূল কংগ্রেসের ঝাড়গ্রাম শহর কমিটির সভাপতি প্রশান্ত রায়, তৃণমূল কংগ্রেসের নেতা দুর্গেশ মল্ল দেব সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
হুড খোলা গাড়ির উপর থেকে হাত নেড়ে ঝাড়গ্রাম শহরবাসীকে তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের জোড়া ফুল চিহ্নে ভোট দেওয়ার আবেদন জানালেন অনুব্রত মণ্ডল ।তিনি বলেন খেলা হবে এই মাটিতেই খেলা হবে। অনুব্রত মণ্ডলের রোড শো কে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেস এর কর্মীদের মধ্যে উৎসাহ ছিল চোখে পড়ার মতো। তৃণমূল কংগ্রেসের কর্মী ও সমর্থকরা খেলা হবে গেঞ্জি গায়ে দিয়ে রীতিমত শামিল হয়েছিলেন।
কয়েক হাজার মানুষ রোড শোতে অংশগ্রহণ করায় কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে পড়েছিল অরণ্য সুন্দরী ঝাড়গ্রাম শহর ।তবে অনুব্রত মণ্ডলের খেলা হবে এই মাটিতেই খেলা হবে এই শ্লোগানকে সামনে রেখেই শনিবার গোটা ঝাড়গ্রাম শহর এলাকার তৃণমূল কংগ্রেসের কর্মী ও সমর্থকরা কার্যত মাঠে ঝাঁপিয়ে পড়েছিল ।অনুব্রত মণ্ডল বলেন তৃণমূল কংগ্রেস আছে আগামী দিনেও থাকবে।
বাংলার মানুষ বিজেপিকে ক্ষমতায় নিয়ে আসবে না। শান্তি ও উন্নয়নের কান্ডারী মমতা বন্দ্যোপাধ্যায় কে তৃতীয়বার মুখ্যমন্ত্রী করার জন্য তিনি জোড়া ফুলে তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের ভোট দেওয়ার আবেদন জানান। তিনি বলেন অশান্ত জঙ্গলমহলে শান্তি ফিরিয়ে এনেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় জঙ্গলমহলের যে উন্নয়ন করেছে আর কোন মুখ্যমন্ত্রী এত উন্নয়নের কাজ করেনি। আপনারা মমতা দিদির পাশে থাকুন মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের হাতকে শক্তিশালী করুন। জঙ্গলমহল থেকে বিজেপি ও বামেদের তিনি উৎখাত করার ডাক দেন।

Post a Comment